বিশ্বকাপের জ্বরের মাঝেই কলকাতায় কোটি টাকার বেটিং! পুলিশের অভিযানে ফাঁস বড়সড় চক্র

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলা টি-২০ বিশ্বকাপের উত্তেজনার সুযোগ নিয়ে কলকাতার বুকে সক্রিয় হয়ে উঠেছিল এক বিশাল ক্রিকেট বেটিং সিন্ডিকেট। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মধ্য কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে অভিযান চালিয়ে এই চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি-রাউডি সেকশন (ARS)। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পান্ডা প্রতীক পিঞ্চাকে।

অপারেশন ‘ডিজিটাল জুয়া’: তদন্তে জানা গেছে, গত চার বছর ধরে হাওড়ায় বসবাসকারী রাজস্থানের বাসিন্দা প্রতীক নিজেকে কাগজের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। কিন্তু আদতে তাঁর অফিসের ভেতরে চলত ডিজিটাল অ্যাপের মাধ্যমে ‘বল টু বল’ বাজি। সূর্যকুমার ক’টি চার মারবেন বা হার্দিক কত রান দেবেন—এমন সব প্রশ্নে মিনিটে মিনিটে ঘুরত লাখ লাখ টাকা। ২২ তারিখ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীনই এই চক্রে হানা দেয় পুলিশ।

তদন্তে নয়া মোড়: অভিযুক্তের অফিস থেকে নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার হয়েছে। এছাড়া শহরের এক নামী হোটেলের ঘরের চাবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ওই হোটেল থেকে বড় কোনো আন্তর্জাতিক লিঙ্ক কাজ করছিল কি না। আপাতত প্রতীককে ২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই সিন্ডিকেটের পেছনে থাকা আরও বড় রাঘব বোয়ালদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে হেয়ার স্ট্রিট থানা।