আকাশপথেও মোদী-ম্যাজিক! এয়ার ইন্ডিয়া ওয়ান-এর দিকেই নজর ছিল গোটা বিশ্বের, নেপথ্যে বড় কারণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর ঘিরে এই মুহূর্তে সরগরম বিশ্ব রাজনীতি। বুধবার তেল আভিভে পৌঁছন তিনি। তবে এই সফরের কূটনৈতিক গুরুত্বের পাশাপাশি চর্চায় উঠে এসেছে তাঁর বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এর যাত্রাপথ। অনলাইন প্ল্যাটফর্ম Flightradar24-এর তথ্য অনুযায়ী, মোদীর বিমানটিই ছিল সেই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা উড়ান।

আকাশপথের বিশেষ কৌশল: নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে মোদীর বিমানটি পাকিস্তান ও ইরানের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে গিয়েছে। দিল্লি থেকে উড়ে গুজরাট ও আরব সাগর পেরিয়ে ওমান পৌঁছয় বিমানটি। এরপর সৌদি আরব ও জর্ডনের আকাশপথ দিয়ে তা ইজরায়েলে প্রবেশ করে। জর্ডনের আকাশসীমায় থাকাকালীন প্রায় ৭,১৮৪ জন মানুষ একযোগে লাইভ ট্র্যাক করছিলেন বিমানটিকে, যা একটি রেকর্ড।

অস্ত্র চুক্তি ও কূটনৈতিক লক্ষ্য: গত ৯ বছরে এটি মোদীর দ্বিতীয় ইজরায়েল সফর। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত বৈঠকের পাশাপাশি ইজরায়েলি সংসদে ভাষণ দেবেন তিনি। এই সফরে ড্রোন এবং অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সংক্রান্ত বড়সড় অস্ত্র চুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মোদীর আগমনে ইজরায়েলি সংবাদপত্র ‘দ্য জেরুজালেম পোস্ট’ তাদের প্রথম পাতায় হিন্দিতে ‘নমস্তে’ লিখে বিশেষ সম্মান প্রদর্শন করেছে।