ভোটের আগেই তপ্ত তিলজলা! ১৯ বছরের যুবককে টার্গেট করে এলোপাথাড়ি গুলি, রণক্ষেত্র বেনিয়াপুকুর

ভোটের বাদ্যি বাজতেই কলকাতা শহরে দুষ্কৃতী তাণ্ডব শুরু। সোমবার রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় এক ১৯ বছরের যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জনবহুল এলাকায় বছর উনিশের মহম্মদ নিয়াজকে সামনে থেকে গুলি চালিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি দোকানের সামনে মহম্মদ নিয়াজ ও এলাকার কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ সলমনের মধ্যে বচসা হয়। সেই সময় বিবাদ মিটে গেলেও রাত ১টা নাগাদ সলমন তার দলবল নিয়ে চড়াও হয় নিয়াজের বাড়িতে। অভিযোগ, নিয়াজকে বাড়ি থেকে টেনে বের করে ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন ও তার সঙ্গীরা। ঘটনার পর স্কুটিতে চেপে এলাকা ছাড়ে অভিযুক্তরা। স্থানীয়দের দাবি, সলমন ওই এলাকার ত্রাস এবং মোবাইল ছিনতাই গ্যাংয়ের পান্ডা। বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।
শহরে একের পর এক শ্যুটআউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডে সোনা পাপ্পু হোক বা আনন্দপুরের গুলশন কলোনির তাণ্ডব—অধিকাংশ ক্ষেত্রেই মূল অভিযুক্তরা অধরা। ভোটের মুখে তিলজলার এই রক্তক্ষয়ী ঘটনা ফের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল। বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।