AI-সামিটে ঊর্ধ্বাঙ্গে পোশাকহীন বিক্ষোভ! মাঝরাতে কংগ্রেসের সর্বভারতীয় যুবসভাপতি গ্রেফতার

হাই-প্রোফাইল এআই (AI) সামিটের মাঝেই নজিরবিহীন উত্তাপ দিল্লিতে। রাজপথে শার্ট খুলে প্রতিবাদ জানানোর দায়ে গ্রেফতার হলেন ভারতীয় যুব কংগ্রেসের (IYC) জাতীয় সভাপতি উদয় ভানু চিব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

কী ঘটেছিল? এআই সামিট চলাকালীন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে যুব কংগ্রেস কর্মীরা শার্ট খুলে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশি পদক্ষেপ শুরু হয়। দলীয় সূত্রে খবর, উদয় ভানুকে গ্রেফতার করার আগে প্রায় ২০ ঘণ্টা ধরে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। বর্তমানে তাঁকে দিল্লির তিলক মার্গ থানায় রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে থানার বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ (CRPF) ও পুলিশ বাহিনী।

সরব কংগ্রেস নেতৃত্ব: এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে দেখছে কংগ্রেস। তিরুভাল্লুরের সাংসদ শশিকান্ত সেস্থিল এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, “২০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর নির্লজ্জভাবে ভোররাতে উদয়কে গ্রেফতার করা হয়েছে। আমরা এই যোদ্ধাদের জন্য গর্বিত।”

অন্যদিকে, কংগ্রেসের বর্ষীয়ান নেতা কেসি বেণুগোপাল তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সরকার ভুলে গেছে যে প্রতিবাদ গণতন্ত্রের মৌলিক অধিকার, অপরাধ নয়। আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন করেছেন। আমরা দাবি করছি, অবিলম্বে সকলকে মুক্তি দেওয়া হোক।”

আক্রমণ শানালেন ভূপেশ বাঘেলও: প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইনস্টাগ্রামে তোপ দেগে লেখেন, “স্বৈরশাসক সরকার ভুলে যাচ্ছে যে প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়। কোনো উস্কানি ছাড়াই শান্তিপূর্ণভাবে যুবকরা তাঁদের দুর্ভোগের কথা বলতে চেয়েছিলেন। পুলিশি দমন-পীড়ন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।”

থানায় কড়া নিরাপত্তা: দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, উদয় ভানু চিব সহ মোট আটজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, আসন্ন দিনগুলোতে এই গ্রেফতারিকে কেন্দ্র করে কংগ্রেস বনাম বিজেপি সংঘাত আরও চরম আকার নিতে পারে।