ইরানিদের ফোনে রহস্যময় মেসেজ— ‘ট্রাম্প কর্মঠ মানুষ, অপেক্ষা করুন!’ যুদ্ধের মেঘ ঘনিয়ে আসতেই তেহরানে চাঞ্চল্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট হয়ে উঠল। সোমবার ইরানের হাজার হাজার সাধারণ মানুষের ফোনে একটি অজানা নম্বর থেকে ফার্সি ভাষায় একটি রহস্যময় ও সতর্কতামূলক এসএমএস এসেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, মেসেজটিতে লেখা ছিল— “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যিনি কেবল কথা নয়, পদক্ষেপ নেন। অপেক্ষা করুন এবং দেখুন।” মার্কিন প্রেসিডেন্ট যখন তেহরানের সরকারের বিরুদ্ধে সামরিক আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছেন এবং মধ্যপ্রাচ্যে সৈন্য সমাবেশ বাড়াচ্ছেন, ঠিক তখনই এই ডিজিটাল সতর্কবার্তায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার জেনেভায় দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। তার আগেই ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের ওপর একটি ‘সীমিত সামরিক হামলার’ কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এমনকি ইরানকে চুক্তি করার জন্য মাত্র ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন, সামরিক শক্তি প্রয়োগ করে তেহরানকে দমানো যাবে না। যদিও তিনি কূটনৈতিক সমাধানের একটি ক্ষীণ আশা দেখছেন, তবুও যুদ্ধের আশঙ্কায় সোমবার লেবাননের মার্কিন দূতাবাস থেকে বহু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যেই ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের বিরুদ্ধে নতুন করে ছাত্রবিক্ষোভ শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।