দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলেই ২৫ হাজার টাকা! ‘রাহ-বীর’ প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে এখন আর পুলিশ বা আইনি ঝামেলার ভয় পেতে হবে না। বরং এগিয়ে এসে কারও প্রাণ বাঁচালে মিলবে মোটা অঙ্কের নগদ পুরস্কার ও সরকারি শংসাপত্র। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকারের ‘রাহ-বীর’ (Rah-Veer) প্রকল্প এবার জাতীয় রাজধানীতেও কার্যকর করা হচ্ছে।
এই প্রকল্পের অধীনে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে ‘গোল্ডেন আওয়ার’-এর (দুর্ঘটনার প্রথম এক ঘণ্টা) মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীকে ২৫,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, অনেক সময় মানুষ পুলিশি হেনস্থার ভয়ে এগিয়ে আসেন না, কিন্তু এই প্রকল্প সেই ভয় দূর করবে। মোটর যান (সংশোধন) আইন ২০১৯-এর ১৩৪এ ধারা অনুযায়ী, সাহায্যকারীকে সম্পূর্ণ আইনি সুরক্ষা প্রদান করা হবে।
পুরস্কারের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে। এমনকি, বছরে নির্বাচিত ১০ জন সেরা ‘রাহ-বীর’-কে জাতীয় স্তরে ১ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ পুরস্কার দেওয়া হবে। জেলা স্তরে একটি মূল্যায়ন কমিটি (যাতে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং স্বাস্থ্য আধিকারিকরা থাকবেন) এই সাহসিকতার কাজগুলো খতিয়ে দেখে নাম নথিভুক্ত করবেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের ফলে দিল্লিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।