লখনউয়ে শিক্ষকের লালসার শিকার ১৩ বছরের দলিত ছাত্রী! অন্তঃসত্ত্বা হতেই গর্ভপাতের ওষুধ খাইয়ে খুনের হুমকি!

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে গুরু-শিষ্যের পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করার মতো এক জঘন্য অপরাধের খবর সামনে এসেছে। সুশান্ত গল্ফ সিটি থানা এলাকায় এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরের এক দলিত নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ওই পাষণ্ড শিক্ষকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর বয়সী অভিযুক্ত শিক্ষকের নাম বীর সিং যাদব ওরফে বিরাজ। গত ২০ দিন ধরে সে ওই নাবালিকার ওপর পৈশাচিক অত্যাচার চালায়। গর্ভপাতের ওষুধ খাওয়ার পর নাবালিকা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকলে সে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়ের ওপর হওয়া এই পাশবিকতার কথা শুনে স্তম্ভিত হয়ে যান পরিজনরা। এরপরই নির্যাতিতার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বুঝে লখনউ পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্ত বীর সিং যাদবের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং তফশিলি জাতি ও উপজাতি নিগ্রহ বিরোধী (SC/ST Act) ধারায় মামলা রুজু করা হয়েছে। ডিসিপি-র নির্দেশে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠানো হয়েছে। এই নক্ক্যারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার।