যশ-এর ‘টক্সিক’-এ বিধ্বংসী এন্ট্রি! টনি আর করমাডি লুকে কাঁপাতে আসছেন অক্ষয় ও সুদেব!

‘কেজিএফ’ (KGF) খ্যাত সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এবার সেই উত্তেজনায় ঘি ঢাললেন নির্মাতারা। ছবিতে যুক্ত হলেন দুই শক্তিশালী অভিনেতা—অক্ষয় ওবেরয় এবং সুদেব নায়ার। ছবিতে অক্ষয়কে দেখা যাবে ‘টনি’ এবং সুদেবকে দেখা যাবে ‘করমাডি’র চরিত্রে।

পরিচালক গীতু মোহনদাসের এই ডার্ক এবং স্টাইলিশ অ্যাকশন দুনিয়ায় অক্ষয় ওবেরয়ের লুকটি ১৯৫০-এর দশকের কথা মনে করিয়ে দেয়। লম্বা গোঁফ, ভিন্টেজ পোশাক আর পুরনো দিনের আভিজাত্যে ঘেরা এক হিংস্র চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সুদেব নায়ারের চরিত্র ‘করমাডি’ অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী। হাতে বন্দুক আর চোখে স্থির দৃষ্টি নিয়ে সুদেবের লুকটি যেমন শান্ত, তেমনই ভয়ংকর।

পরিচালক গীতু মোহনদাস দুই অভিনেতারই ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, সুদেব তাঁর গভীর প্রতিভা দিয়ে চরিত্রটিকে জীবন্ত করেছেন, আর অক্ষয়ের কৌতূহলী স্বভাব চরিত্রটিকে আরও মজবুত করেছে। কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই ছবিতে যশ ছাড়াও থাকছেন নয়নতারা, কিয়ারা আডবানি, হুমা কুরেশি এবং তারা সুতারিয়ার মতো একঝাঁক তারকা। কন্নড় এবং ইংরেজি ভাষায় শুট হওয়া এই ছবি বাংলাসহ একাধিক ভাষায় ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।