‘প্রেম আমার’ গানে জমিয়ে নাচ! ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বড় চমক দিতে আসছেন পায়েল

অনেকদিন পর আবারও ছোটপর্দায় দেখা মিলবে টলিউড হার্টথ্রব পায়েল সরকারের। তবে কোনো ধারাবাহিক নয়, বরং জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন ২’-এর ফেব্রুয়ারি মাসের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন তিনি। সান বাংলার এই শো এখন বাংলার ঘরে ঘরে জনপ্রিয়, আর সেই জনপ্রিয়তার পারদ আরও চড়াতে আসছেন পায়েল।
অনুপ্রেরণার গল্প ও নাচ: পায়ল জানিয়েছেন, তিনি সুযোগ পেলেই এই শো দেখেন এবং প্রতিযোগীদের জীবনসংগ্রাম দেখে অনুপ্রাণিত হন। এই বিশেষ পর্বে কেবল আড্ডা নয়, থাকছে পায়েলের ধামাকাদার পারফরম্যান্সও। ‘প্রেম আমার’ বা ‘জাগে রে’-র মতো জনপ্রিয় গানে পা মেলাতে দেখা যাবে তাঁকে। সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে পায়েলের এই যুগলবন্দী দেখার অপেক্ষায় দর্শকরা।
নতুন চমক ও লক্ষ্মী ব্যাঙ্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই মেগা পর্ব। ফেব্রুয়ারি ফিনালের বিজয়িনী পাবেন নগদ ২ লক্ষ টাকা। শুধু তাই নয়, তারকাদের সংগৃহীত অর্থ দিয়ে তৈরি ‘লক্ষ্মী ব্যাঙ্ক’ থেকে লড়াকু মহিলাদের স্বপ্নপূরণের জন্য আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে। দেড় ঘণ্টার এই বিশেষ পর্বে থাকছে ‘টাকার গদি’র মতো নতুন সব মজার খেলা। নিজের পায়ের মাটি শক্ত করতে চাওয়া বাংলার মহিলাদের জন্য এই মঞ্চ এখন স্বপ্নপূরণের অন্যতম সেরা ঠিকানা।