Google AI-এর ওপর অন্ধ বিশ্বাসই কি ডেকে আনছে বিপদ? ভুল তথ্যে বাড়ছে বড়সড় স্বাস্থ্যঝুঁকি!

রান্নার রেসিপি হোক বা অফিসের ইমেল—সব কিছুতেই এখন আমাদের হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু জীবন-মরণ প্রশ্নের ক্ষেত্রেও কি এআই সমানভাবে ভরসাযোগ্য? সাম্প্রতিক এক গবেষণা বলছে, গুগলের এআই-ভিত্তিক ‘সার্চ সামারি’ বা সারাংশ ফিচারটি অনেক ক্ষেত্রেই ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ভুল তথ্যে মিলছে সুস্থতার আশ্বাস! একটি আন্তর্জাতিক প্রতিবেদনে চাঞ্চল্যকর উদাহরণ তুলে ধরা হয়েছে। দেখা গিয়েছে, জনৈক ব্যবহারকারীর লিভার ফাংশন টেস্টে সংক্রমণের স্পষ্ট লক্ষণ থাকা সত্ত্বেও, গুগল এআই সেটিকে ‘স্বাভাবিক’ বলে চিহ্নিত করেছে। এতে রোগী গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও নিজেকে সুস্থ মনে করে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পরে বিতর্ক দানা বাঁধতেই সংশ্লিষ্ট তথ্যটি সরিয়ে ফেলে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

নির্ভরযোগ্য ওয়েবসাইট নয়, উৎস যখন ইউটিউব ভিডিও: গবেষণায় আরও একটি ভয়াবহ দিক উন্মোচিত হয়েছে। জার্মানিতে প্রায় ৫০ হাজার সার্চ রেজাল্ট বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ৪.৪৩ শতাংশ ক্ষেত্রে গুগল এআই তার তথ্যের উৎস হিসেবে ইউটিউব ভিডিওকে বেছে নিয়েছে। অথচ সেই দেশের অন্যতম বড় স্বাস্থ্য বিষয়ক পোর্টাল ‘নেটডক্টর.ডি’-র তথ্য নেওয়া হয়েছে মাত্র ৩.৫ শতাংশ ক্ষেত্রে। সব মিলিয়ে নির্ভরযোগ্য চিকিৎসা সূত্র থেকে তথ্য মিলেছে মাত্র ৩৪.৪৫ শতাংশ ক্ষেত্রে। অর্থাৎ, সিংহভাগ তথ্যই আসছে এমন সব উৎস থেকে যার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

চিকিৎসকদের কড়া হুঁশিয়ারি: বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই অসুস্থ হলে ‘গুগল সার্চ’ করার প্রবণতা নিয়ে সতর্ক করে আসছেন। আগে মানুষ তবুও বিস্তারিত ওয়েবসাইটগুলো পড়ে দেখত, কিন্তু এখন এআই-এর সৌজন্যে প্রাপ্ত সংক্ষিপ্ত উত্তরের ওপরই মানুষ চোখ বুজে ভরসা করছে। চিকিৎসকদের মতে, এআই কোনোভাবেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিকল্প হতে পারে না। ছোট একটি ভুল ব্যাখ্যা বা শব্দ বাদ পড়া জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সতর্কতাই এখন একমাত্র পথ: প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তার ওপর নির্ভরশীলতা বাড়ছে ঠিকই। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এআই-এর দেওয়া সারাংশ পড়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, এআই আপনার উপসর্গ বিশ্লেষণ করতে পারলেও আপনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখে না।