পিরিয়ড ক্র্যাম্পে জেরবার? পুষ্টিবিদের দাওয়াই: আদা-আখরোট-গুড়ের ম্যাজিক চা!

মাসের ওই কয়েকটা দিন অনেক মহিলার কাছেই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। পেটে টান ধরা (Cramps), কোমর ব্যথা আর মেজাজ খিটখিটে হওয়া— এই সব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পেইনকিলার খেয়ে থাকেন। কিন্তু পুষ্টিবিদ শ্বেতা শাহ জানাচ্ছেন, পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ঘরোয়া উপায়ে এই যন্ত্রণা কমানো সম্ভব। আদা, আখরোট এবং গুড় দিয়ে তৈরি একটি বিশেষ পানীয় পিরিয়ডের অস্বস্তি কমাতে জাদুর মতো কাজ করে।
কীভাবে তৈরি করবেন এই পানীয়?
-
উপকরণ: ১ টেবিল চামচ আখরোট কুচি, আধ চা চামচ আদা গুঁড়ো (সৌঁঠ), ১ টেবিল চামচ গুড় এবং ২ কাপ জল।
-
পদ্ধতি: প্রথমে ২ কাপ জল ফুটিয়ে নিন। তাতে আখরোট কুচি ও আদা গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফোটান। জল অর্ধেক হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এবার তাতে গুড় মিশিয়ে ভালো করে নেড়ে নিন। হালকা গরম থাকতে থাকতেই চায়ের মতো ধীরে ধীরে পান করুন।
কেন এই পানীয় উপকারী?
-
আখরোট: এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম পেশির সংকোচন কমিয়ে আরাম দেয়।
-
আদা: এটি একটি প্রাকৃতিক প্রদাহনাশক, যা ব্যথা ও বমিভাব কাটাতে সাহায্য করে।
-
গুড়: শরীরে দ্রুত আয়রন ও এনার্জি যোগায় এবং পেট ফাঁপা কমায়। পুষ্টিবিদের মতে, এই পানীয় পিরিয়ড চলাকালীন রক্ত সঞ্চালন উন্নত করে এবং জরায়ুর পেশিকে শান্ত রাখতে সাহায্য করে।