ব্যাঙ্কে এক টাকাও নেই? তাও মিলবে ১০,০০০ টাকা! মোদী সরকারের এই স্কিমে কেল্লাফতে

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি একটি টাকাও নেই? জরুরি প্রয়োজনে টাকার খুব দরকার? চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী জনধন যোজনার (PMJDY) গ্রাহক হলে ব্যালেন্স শূন্য থাকা সত্ত্বেও আপনি ব্যাঙ্ক থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। কেন্দ্র সরকারের এই জনপ্রিয় প্রকল্পের ‘ওভারড্রাফ্ট’ সুবিধাই এখন বহু সাধারণ মানুষের সংকটে ভরসা হয়ে দাঁড়িয়েছে।
জনধন যোজনার বিশেষত্ব: প্রায় ১১ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে এই আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রকল্প চালু হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল দেশের প্রতিটি নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা। এই অ্যাকাউন্টে কেবল টাকা জমা রাখাই নয়, রয়েছে জিরো ব্যালেন্স সুবিধা এবং রুপে (RuPay) ডেবিট কার্ডের মতো আকর্ষণীয় ফিচার। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫৫ কোটি ২ লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলেছেন।
ওভারড্রাফ্ট সুবিধা কী? ওভারড্রাফ্ট হলো এমন একটি আর্থিক সুবিধা, যেখানে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলেও ব্যাঙ্ক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নেওয়া যায়। জনধন অ্যাকাউন্টধারীদের জন্য এই সীমা ১০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে মনে রাখবেন, ওভারড্রাফ্টের মাধ্যমে নেওয়া টাকার ওপর এবং যতদিনের জন্য টাকাটি ব্যবহার করা হচ্ছে, সেই অনুযায়ী সুদ দিতে হয়।
বিনামূল্যে বিমা কভার: জনধন অ্যাকাউন্টের সাথে গ্রাহকরা বিনামূল্যে দুর্ঘটনা বিমার সুবিধাও পান। ২৮শে আগস্ট, ২০১৮-র পর যারা অ্যাকাউন্ট খুলেছেন, তারা ২ লক্ষ টাকার বিমা কভার পান। এর আগের অ্যাকাউন্টধারীদের জন্য বিমা কভারের পরিমাণ ১ লক্ষ টাকা। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প যেমন— পিএম কিষাণ, অটল পেনশন যোজনা বা মুদ্রা লোন-এর সুবিধা পেতেও এই অ্যাকাউন্ট অত্যন্ত কার্যকর।
কারা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট? যেকোনো ভারতীয় নাগরিক নিকটস্থ ব্যাঙ্ক শাখা বা গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে এই ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট’ (BSBDA) খুলতে পারেন। কোনো নূন্যতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই। তবে মনে রাখা জরুরি, এই অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ চারবার টাকা তোলার সীমাবদ্ধতা রয়েছে। যাদের কাছে বৈধ পরিচয়পত্র নেই, তারাও শর্তসাপেক্ষে ‘স্মল অ্যাকাউন্ট’ খুলে প্রকল্পের সুবিধা নিতে পারেন।