‘ভুল শিক্ষক থেকে ভুল ইনজেকশন— সব তো ওরাই দিচ্ছে!’ বানান বিতর্ক নিয়ে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ শতরূপের

সিপিআইএম যুব নেতা প্রতীক-উর রহমানের তৃণমূলে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীকের ঘাসফুল শিবিরে যাওয়ার পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করে আলিমুদ্দিন। কিন্তু সেই বহিষ্কারের চিঠিতে ‘বহিষ্কার’সহ একাধিক বানান ভুল থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন অরূপ চক্রবর্তীর মতো তৃণমূল নেতারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘শিক্ষিতদের পার্টি’র এই ভুল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল।
তৃণমূলের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “যারা যোগ্যদের রাস্তায় বসিয়ে রেখে ভুল লোককে চাকরি দিচ্ছে, মানুষের শরীরে ভুল ওষুধ ও ইনজেকশন দিচ্ছে, এমনকি ভুল ভ্যাকসিন দিচ্ছে— তারা এখন রাত দুপুরে বানান ভুল নিয়ে মশকরা করছে?” শতরূপের নিশানায় উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক স্তরের একাধিক ইস্যু। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাদের ‘মানসিক সুস্থতা’ নিয়ে। অন্যদিকে, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রতীক উরের দলত্যাগকে ‘সন্তান হারানো’র ব্যথার সঙ্গে তুলনা করলেও, শত্রু শিবিরে যোগদানের জন্য কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট করেছেন।