হোলির আগে কি ডিএ-র সুখবর? গত ৫ বছরের পরিসংখ্যান বলছে অন্য কথা, জল্পনায় জল ঢালল কেন্দ্র!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ২০২৬ সালের জানুয়ারি-জুন পর্বের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, হোলি যদি মার্চের শুরুতে পড়ে, তবে সাধারণত উৎসবের আগে ডিএ ঘোষণা করা হয় না। ২০২৫ সালেও হোলি ছিল ১৪ মার্চ, কিন্তু ডিএ ঘোষণা হয়েছিল ২৮ মার্চ। ব্যতিক্রম ছিল শুধুমাত্র ২০২৪ সাল। সেই অনুযায়ী, এ বছরও হোলির আগে ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশ কম।
বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮% হারে ডিএ পাচ্ছেন। ১ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী বৃদ্ধি কার্যকর হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এবার ডিএ ২% বৃদ্ধি পেয়ে ৬০%-এ পৌঁছাতে পারে। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫-এ শেষ হওয়ার পর এটিই হবে প্রথম ডিএ সংশোধন। যদিও অষ্টম বেতন কমিশন কাজ শুরু করেছে, কিন্তু তার সুপারিশ কার্যকর হতে ২০২৭ বা ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যেই কর্মচারী ইউনিয়নগুলি দাবি তুলছে যাতে বর্তমান ৫৮% ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়, যদিও সরকার এখনও এ বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি।