সুপ্রিম কোর্টকে ‘আমেরিকা বিরোধী’ তোপ ট্রাম্পের! ১০ থেকে বাড়িয়ে ১৫% বৈশ্বিক শুল্ক ঘোষণা, বিশ্ববাজারে মহাপ্রলয়

মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খাওয়ার ঠিক পরেই পাল্টা হুঙ্কার দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি আদালতকে কড়া ভাষায় আক্রমণ করে একে ‘অ্যান্টি-আমেরিকান’ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, আদালতের নির্দেশের পাল্টা চালে তিনি পূর্বঘোষিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ করার ঘোষণা করেছেন।

সুপ্রিম কোর্ট ৬-৩ রায়ে জানিয়েছিল যে, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট একতরফাভাবে শুল্ক চাপাতে পারেন না। এই রায়কে ‘অত্যন্ত দুর্বল’ বলে কটাক্ষ করে ট্রাম্প এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ১২২’ (Section 122) হাতিয়ার করেছেন। এই আইনি ধারায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক ১৫০ দিনের জন্য কার্যকর করতে পারেন। ট্রাম্পের দাবি, দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে দেশগুলো আমেরিকাকে শোষণ করেছে, যার সমাপ্তি টানতেই এই পদক্ষেপ। এই নতুন ঘোষণায় ভারতসহ আমেরিকার সমস্ত বাণিজ্য অংশীদারদের ওপর বড়সড় আর্থিক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।