মা বাড়ি ছিলেন না, চা বানানো নিয়ে বচসা! ঘুমন্ত দাদাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল ছোট ভাই!

তুচ্ছ কারণে খুনের ঘটনায় আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার মাত্র এক কাপ চা বানানো নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাঁসি এলাকায়। রাগের মাথায় দাদাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারার পর প্রমাণ লোপাট করতে দেহটি বাড়ির ভেতরেই একটি ৬ ফুট গভীর কুয়োয় পুঁতে দিয়েছিল অভিযুক্ত ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। সেই সময় ওই দুই ভাইয়ের মা বাড়িতে ছিলেন না, তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। ঘটনার দিন সকালে অভিযুক্ত ছোট ভাই তার দাদাকে ঘুম থেকে ডেকে তোলে এবং এক কাপ চা করে দিতে বলে। কিন্তু অঘোরে ঘুমানো দাদা কাঁচা ঘুমে বিরক্ত হয়ে চা করতে অস্বীকার করেন। উল্টে কেন তাকে ঘুম থেকে তোলা হলো, সেই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।
বিবাদ চরমে পৌঁছালে ছোট ভাই হিতাহিত জ্ঞান হারিয়ে কুড়ুল দিয়ে দাদার মাথায় সজোরে আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত ভাই। পুলিশ ও পাড়া-পড়শির নজর এড়াতে সে তড়িঘড়ি বাড়ির একটি গভীর কুয়োর মধ্যে দাদার দেহ পুঁতে দেয়। তবে শেষরক্ষা হয়নি। মা বাড়ি ফেরার পর বড় ছেলের নিখোঁজ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে পুলিশের জেরায় ভেঙে পড়ে ভাই এবং সব কথা স্বীকার করে নেয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং কুয়োর ভেতর থেকে পচাগলা দেহটি উদ্ধার করা হয়েছে।