সিনেমাকেও হার মানাবে বাস্তব! ভুল ট্রেনে কেরালা পাড়ি, ১৪ বছর পর পরিবারকে খুঁজে পেল চাইবাসার সেই বালক!

জীবন কখনও কখনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেয়। ২০১২ সালে বাবার হাত ধরে হাওড়া আসার পথে নিখোঁজ হওয়া ৬ বছরের সেই ছোট্ট বালকটি আজ ২০ বছরের টগবগে তরুণ। দীর্ঘ ১৪ বছরের বিচ্ছিন্নতা, চোখের জল আর একরাশ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নিজের শিকড় খুঁজে পেল গোপ। ভুল ট্রেনের একটি সফর তাকে বাংলা থেকে হাজার মাইল দূরে কেরালায় পৌঁছে দিয়েছিল, কিন্তু একটি ভাইরাল ভিডিও শেষমেশ অসাধ্য সাধন করল।

ঘটনাটি ঠিক ১৪ বছর আগের। ঝাড়খণ্ডের চাইবাসার বাসিন্দা গোপ তার বাবার সঙ্গে হাওড়া আসছিল। স্টেশনের ভিড়ে বাবার হাত ফস্কে যায় ছোট্ট গোপের। আতঙ্কিত শিশুটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে হাওড়াগামী ভেবে উঠে পড়ে। কিন্তু সেই ট্রেন তাকে নিয়ে হাজির করে সুদূর কেরালার কান্নুরে। ভাষা না জানা, ঠিকানাহীন সেই ৬ বছরের শিশুকে উদ্ধার করে কান্নুরের একটি হোমে আশ্রয় দেওয়া হয়। নিজের পরিচয় বা সঠিক ঠিকানা বলতে না পারায় দীর্ঘ সময় তাকে সেখানেই কাটবে হয়।

অন্যদিকে, ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরেছিলেন তার পরিজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর আশা ছেড়ে দিয়েছিলেন মা ও আত্মীয়রা। এর মাঝেই পৃথিবী ছেড়ে চলে যান গোপের বাবা। গোপ শুধু এটুকু বলতে পারত যে তার বাড়ি ‘চাইবাসা’য়। কিন্তু গুগল ম্যাপ বা তথ্যের অভাবে সেই সূত্র ধরে এগোনো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি কান্নুরের ওই হোমে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গোপের বর্তমান অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেই ভিডিওটিই জাদুর মতো কাজ করে এবং চাইবাসার এক পরিচিতের নজরে আসে।

বর্তমানে ২০ বছরের তরুণ গোপ এখন শুধু সরকারি কাগজের প্রক্রিয়ার অপেক্ষায়। সেই আইনি জটিলতা মিটলেই সে ফিরে যাবে তার পরিবারের কাছে। যদিও বাবাকে আর ফিরে পাবে না সে, তবে ১৪ বছরের এই দীর্ঘ ‘বনবাস’ শেষে গোপের বাড়ি ফেরার খবর এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।