‘আমি বেকার, এটা আমার অধিকার!’ যুব সাথীর ক্যাম্পে ফর্ম ফিলাপ করে শোরগোল ফেললেন বিজেপি নেত্রী
February 20, 2026

রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রীর ফর্ম ফিলাপ করার ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বান্দোয়ানের বিজেপি মণ্ডল-২-এর সহ-সভানেত্রী মল্লিকা ভুঁইয়া শুক্রবার বরাবাজার ব্লকের একটি শিবিরে গিয়ে বেকার ভাতার জন্য আবেদন করেন।
কী বলছেন বিজেপি নেত্রী? মল্লিকা বর্তমানে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে এমএ পড়ছেন। তিনি সাফ জানান, “আমি একজন ছাত্রী এবং বেকার। ঘরে চাকরি নেই বলেই আমাকে আজ ভাতার পেছনে দৌড়াতে হচ্ছে।” দলের অবস্থানের সঙ্গে তাঁর এই পদক্ষেপের বিরোধ আছে কি না, এই প্রশ্নে মল্লিকা বলেন— তাঁর দল ঠিকই বিরোধিতা করছে, কারণ চাকরি থাকলে ভাতার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু তিনি কর্মহীন, তাই সরকারি প্রকল্পের সুবিধা নেওয়াকে তিনি নিজের অধিকার বলেই মনে করেন।