পরীক্ষার মরশুমে তারস্বরে মাইক! ইটিভি ভারতের প্রশ্নে মেজাজ হারালেন বিজেপি সভাপতি শমীক

রাজ্যে এখন উচ্চমাধ্যমিকের পাশাপাশি সিবিএসই (CBSE) ও আইসিএসই (ICSE) বোর্ডের পরীক্ষা চলছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শব্দবিধিতে কড়াকড়ি থাকলেও, আসানসোলের কুলটিতে খোলা আকাশের নীচে তারস্বরে মাইক বাজিয়ে সভা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই নিয়ে প্রশ্ন করতেই অস্বস্তিতে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিতর্কের সূত্রপাত: বৃহস্পতিবার কুলটির জিটি রোডের ধারে একটি অনুষ্ঠান গৃহ চত্বরে বিজেপির কর্মী সম্মেলন ছিল। সেখানে তৃণমূল নেতা বুম্বা চৌধুরীসহ বেশ কিছু বাম নেতা বিজেপিতে যোগ দেন। সভা চলাকালীন মাইক হাতে দীর্ঘ বক্তব্য রাখেন শমীক ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে ইটিভি ভারতের প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, “পরীক্ষার মরশুমে মাইক বাজিয়ে সভা কেন?” প্রথমে মাইক ব্যবহারের কথা অস্বীকার করলেও পরে মেজাজ হারিয়ে শমীক বলেন, “নিজের বাড়িতে মাইক বাজিয়েছি। এরপর আপনারা বলবেন খাটে ঘুমোবেন না, মাটিতে ঘুমোবেন! এটা হয় নাকি?”
অস্বস্তিতে বিজেপি, পুলিশের নীরবতা: যদিও সভার ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে এটি কোনো ইনডোর অডিটোরিয়াম নয়, বরং খোলা আকাশের নীচেই সভা হচ্ছিল। মাইকের আওয়াজে বিরক্তি প্রকাশ করেছেন এলাকার মানুষও। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও কেন মাইক বন্ধ করার উদ্যোগ নেওয়া হলো না, তার কোনো সদুত্তর মেলেনি।
তৃণমূলের প্রতিক্রিয়া: তৃণমূল শিক্ষাসেলের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “পরীক্ষা চলাকালীন জোর শব্দে সভা করা আইনত অপরাধ। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সব দলেরই সংযত থাকা উচিত।” ভোটের আগে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার চেষ্টায় নামলেও, এই ‘মাইক বিতর্ক’ শমীক ভট্টাচার্য তথা বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।