ডালখোলায় বর্বরতা! চুরির অপবাদে ৪ শিশুকে আটকে রেখে বেল্টপেটা বিজেপি নেতার, ভাইরাল ভিডিও

উত্তর দিনাজপুরের ডালখোলায় চুরির অপবাদে চার শিশুকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা অর্জুন সরকারের বিরুদ্ধে। বেল্ট দিয়ে ওই শিশুদের বেধড়ক মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই (ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল ডেস্ক) এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নেতাকে ধরে গণপিটুনি দেয়, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে খবর, চুরির সন্দেহে চার শিশুকে একটি জায়গায় আটকে রাখেন অর্জুন সরকার। অভিযোগ, এরপর নিজের হাতের বেল্ট খুলে শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। শিশুদের আর্তনাদ এবং কান্নাকাটি সত্ত্বেও মন গলেনি ওই নেতার। ভিডিওটি ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অর্জুন সরকারের বাড়িতে চড়াও হন এবং তাঁকে মারধর করেন। পরিস্থিতি সামাল দিতে ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আক্রান্ত চার শিশু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, শিশুদের শরীরের আঘাত বেশ গুরুতর।

রাজনৈতিক চাপানউতোর: নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ‘বিজেপির আসল রূপ’ বলে কটাক্ষ করেছে। অন্যদিকে, জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আইন আইনের পথে চলবে; কেউ অপরাধ করলে দল তাঁকে আড়াল করবে না। তবে পুলিশ জানিয়েছে, শিশুদের ওপর নির্যাতন এবং আইন হাতে তুলে নিয়ে অভিযুক্তকে মারধর—উভয় ঘটনাই তদন্তের আওতার রাখা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।