শান্তিনিকেতনে টিকিটের কালোবাজারি! ৩০০ টাকার ‘হেরিটেজ ওয়াক’ ২ হাজারে? বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করল বিশ্বভারতী

ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পর শান্তিনিকেতনের ‘হেরিটেজ ওয়াক’ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ওঠে, ৩০০ টাকার নির্ধারিত টিকিট কালোবাজারি করে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার একটি কড়া বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে যা জানাল কর্তৃপক্ষ: ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানিয়েছেন, হেরিটেজ ওয়াকের টিকিট শুধুমাত্র রবীন্দ্রভবন সংগ্রহশালার কাউন্টার থেকেই পাওয়া যায়। অন্য কোনো ব্যক্তি বা সংস্থা থেকে টিকিট সংগ্রহের কোনো বৈধ পথ নেই। যারা কালোবাজারি বা বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ তুলছেন, তাঁদের দাবীকে ‘বিদ্বেষমূলক অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের মতে, পর্যটকদের বিভ্রান্ত করতে কিছু অসাধু চক্র এই কাজ করছে।

আসছে অনলাইন ব্যবস্থা: বর্তমানে শুক্র, শনি ও রবিবার— এই তিনদিন পর্যটকদের জন্য হেরিটেজ ওয়াক চালু রয়েছে। পর্যটকদের জন্য টিকিটের দাম ৩০০ টাকা এবং পড়ুয়াদের জন্য ১৫০ টাকা। জালিয়াতি ও কালোবাজারি চিরতরে বন্ধ করতে আগামী কয়েক মাসের মধ্যেই অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে বিশ্বভারতী। কাউন্টার ছাড়া অন্য কোথাও থেকে টিকিট কিনে প্রতারিত হলে বিশ্ববিদ্যালয় দায় নেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।