“বিজেপি টর্চ লাইট দেখিয়ে বলেছে সূর্য!” তৃণমূলের পতাকা হাতে নিয়ে চরম বিস্ফোরক বিষ্ণুপ্রসাদ

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে উত্তরবঙ্গ বিজেপিতে বড়সড় ধস। কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক তথা পাহাড়ের দাপুটে নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা বৃহস্পতিবার কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তিনি ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। উত্তরবঙ্গে যেখানে বিজেপি নিজেদের দুর্গ বলে দাবি করে, সেখানে ভোটের আগে এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগ দিয়েই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণুপ্রসাদ। তিনি গেরুয়া শিবিরের প্রতিশ্রুতির রাজনীতিকে তীব্র কটাক্ষ করে বলেন, “বিজেপি গোর্খা ভাই-বোনদের বারবার টর্চ লাইট দেখিয়ে বলেছে এটাই সূর্য। তারা প্রতিশ্রুতি দিলেও পাহাড়ের জন্য কোনও কাজ করেনি। বিধায়ক হয়েও আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না।” তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিষ্ণুপ্রসাদ শর্মা ২০২১ সালে পৃথক উত্তরবঙ্গের দাবিতেই কার্শিয়ং থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে কেন্দ্র তাঁর কোনও দাবিই পূরণ করেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে লড়াই করেছিলেন। এবার সরাসরি তৃণমূলে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনকে নতুন মোড় দিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ের রাজনীতিতে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ বিষ্ণুর হাত ধরেই উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাবে তৃণমূল।