গাওস্কর-কপিলদের পথে সৌরভ! জেলবন্দি ইমরান খানের জন্য এবার সরব ‘মহারাজ’

জেলবন্দি পাকিস্তান ক্রিকেটের রাজপুত্র ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে এবার বিচলিত ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত দুই বছর ধরে কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে এবং তিনি মানসিক নির্যাতনের শিকার— এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই উত্তাল বিশ্ব ক্রীড়ামহল। এবার সুনীল গাওস্কর ও কপিল দেবদের সুরে সুর মিলিয়ে ইমরানের সুচিকিৎসার দাবি তুললেন ‘দাদা’।
সম্প্রতি ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড এবং নাসের হুসেনের মতো ১৪ জন কিংবদন্তি অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ১৯৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি মানবিক আচরণ এবং দ্রুত উন্নত চিকিৎসার আবেদন জানানো হয়েছে। এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, “সুনীল গাওস্কররা একদম সঠিক কাজ করেছেন। ইমরান খান বিশ্ব দরবারে পাকিস্তানের মুখ উজ্জ্বল করেছেন, প্রথমে অধিনায়ক হিসেবে এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে। তাঁর মতো ব্যক্তিত্বের যথাযথ যত্ন নেওয়া উচিত। আমি আশা করি তিনি দ্রুত সুস্থ হবেন এবং সঠিক চিকিৎসা পাবেন।”
রিপোর্ট অনুযায়ী, ইমরান খানের এক চোখ কার্যত নষ্ট হওয়ার পথে এবং দীর্ঘকাল তাঁকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পাকিস্তানের মাটিতে ওয়াসিম আক্রম বা ওয়াকার ইউনিসরা দীর্ঘশ্বাস ফেললেও, ভারতের প্রাক্তন অধিনায়কদের এই সম্মিলিত চাপ পাকিস্তান সরকারের ওপর বড়সড় আন্তর্জাতিক চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। গাওস্কর-সৌরভদের মতে, রাজনৈতিক লড়াই আলাদা বিষয়, কিন্তু এককালের বিশ্বসেরা অলরাউন্ডার এবং কিংবদন্তি ক্রিকেটারের ন্যূনতম মানবাধিকার ও চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া কাম্য নয়। এখন দেখার, সৌরভের এই বার্তার পর ইসলামাবাদ ইমরান খানকে নিয়ে নরম মনোভাব দেখায় কি না।