নির্বাচনী কারচুপির ‘মাস্টারপ্ল্যান’ ফাঁস? বিশেষ রোল অবজার্ভারের বিরুদ্ধে মামলার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সরাসরি বিশেষ রোল অবজার্ভার সি মুরুগানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিষেকের দাবি, সরকারি স্বচ্ছ মাধ্যমকে বুড়ো আঙুল দেখিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বেআইনি নির্দেশ পাঠিয়ে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সি মুরুগান মাইক্রো অবজার্ভারদের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত এমন কিছু নির্দেশ দিচ্ছেন যার উদ্দেশ্য হলো ভোটার ছাঁটাইয়ের সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের সাংসদ প্রযুক্তিগত জালিয়াতির গুরুতর অভিযোগও এনেছেন। তাঁর দাবি, জেলাভিত্তিক রোল অবজার্ভারদের লগ-ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করা হচ্ছে কলকাতার কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে। আইপি অ্যাড্রেস এবং মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখলেই এই ‘রিমোট অ্যাক্সেস’ জালিয়াতি ধরা পড়বে বলে তাঁর চ্যালেঞ্জ। দিল্লির ‘রাজনৈতিক প্রভু’দের সন্তুষ্ট করতে কমিশন এই সমান্তরাল প্রশাসন চালাচ্ছে বলে তোপ দেগেছেন তিনি। নিরপেক্ষতা রক্ষায় কমিশন ব্যর্থ হলে তৃণমূল কংগ্রেস যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে, সেই হুঁশিয়ারিও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক।