আরজি কর কাণ্ডে নতুন মোড়! নির্যাতিতার বাবা-মায়ের আবেদন মঞ্জুর আদালতের, কাঠগড়ায় সিবিআই-এর ভূমিকা

আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের লড়াইয়ে আরও একধাপ এগোলে নির্যাতিতা মহিলা চিকিৎসকের পরিবার। মঙ্গলবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ দায়ের করেন তাঁর বাবা-মা। আদালত তাঁদের আবেদন গ্রহণ করেছে এবং আগামী ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সিবিআই-এর ওপর অনাস্থা? নির্যাতিতার পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনায় ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ দিকটি এড়িয়ে যাচ্ছে। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে তদন্তের যে সমস্ত দিক উঠে এসেছে, সেগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না। সোমবারই তাঁরা সিবিআই-এর তদন্তকারী আধিকারিকদের কাছে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন। মঙ্গলবার সরাসরি আদালতের কাছে অভিযোগ করেন যে, ঘটনার সময় উপস্থিত বেশ কয়েকজনের আচরণ অত্যন্ত সন্দেহজনক ছিল, যাদের এখনও ঠিকভাবে জেরা করা হয়নি।
নিশানায় লালবাজারের এএসআই: সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কলকাতা পুলিশের এএসআই (ASI) অনুপ দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অংশীদার হতে পারেন এই পুলিশ কর্মী। এসিজেএম (ACJM)-এর কাছে এমন বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের এই নারকীয় অপরাধের সঙ্গে যোগ থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। ১৯ তারিখের শুনানিতে আদালত এই বিষয়ে সিবিআই-কে কী নির্দেশ দেয়, এখন সেটাই দেখার।