একবার চার্জেই কেল্লাফতে! ৫৯৩ কিমি রেঞ্জ নিয়ে আসছে টাটা পাঞ্চ ইভি-র নতুন ফেসলিফ্ট

ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে রাজত্ব আরও মজবুত করতে বড়সড় চমক দিতে চলেছে টাটা মোটরস। জনপ্রিয় মাইক্রো এসইউভি ‘টাটা পাঞ্চ ইভি’-র একটি আপগ্রেডেড ফেসলিফ্ট মডেল আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৬ বাজারে লঞ্চ হতে চলেছে। তবে এবারের সবথেকে বড় চমক এর ডিজাইন নয়, বরং এর অবিশ্বাস্য রেঞ্জ। সূত্রের খবর, নতুন পাঞ্চ ইভি-র হাই-রেঞ্জ ভ্যারিয়েন্টটি একবার ফুল চার্জ দিলে ৫৯৩.৬ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম হবে।
লঞ্চের আগেই এই গাড়িটির একটি এনডিউরেন্স টেস্ট বা ধৈর্য পরীক্ষা করা হয়েছে। জয়পুর থেকে উদয়পুর ছাড়িয়ে গুজরাট পর্যন্ত একটি সফল যাত্রায় দেখা গিয়েছে, গাড়িটি প্রায় ৬০০ কিমি পথ চলার পর চার্জ শেষ হয়েছে। এই পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞদের ধারণা, নতুন ফেসলিফ্টে টাটা নেক্সন ইভি-র শক্তিশালী ৪৫kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে। বর্তমানে বাজারে থাকা পাঞ্চ ইভি-র ২৫kWh এবং ৩৫kWh ব্যাটারিগুলি যথাক্রমে ২৬৫ কিমি এবং ৩৬৫ কিমি (ARAI) রেঞ্জ দেয়। নতুন ৪৫kWh ব্যাটারি যুক্ত হলে এটি দূরপাল্লার যাত্রার জন্য দেশের অন্যতম সেরা বিকল্প হয়ে উঠবে।
ডিজাইনের ক্ষেত্রেও আসছে একগুচ্ছ আধুনিক পরিবর্তন। সামনে থাকছে নতুন বাম্পার এবং Y-আকৃতির এলইডি ডিআরএল। পিছনে গাড়ির প্রস্থ বরাবর লম্বা এলইডি লাইট বার দেওয়া হতে পারে। ইন্টেরিয়রে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং লেভেল-২ এডিএএস (ADAS) ফিচারের সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারি লঞ্চের দিনই গাড়িটির অফিশিয়াল দাম ঘোষণা করা হবে। নতুন রঙের বিকল্প হিসেবে সুপারনোভা কপার এবং উজ্জ্বল হলুদ রঙের কম্বিনেশন ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।