এসএসসিতে ‘দাগি’দের প্রবেশ নিষেধ! অ্যাডমিট কার্ড পেলেন না ৫৪৪ জন, মার্চেই মেগা পরীক্ষা

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষাকে ঘিরে কড়া অবস্থান নিল রাজ্য। আগামী মার্চের প্রথম সপ্তাহেই বহু প্রতীক্ষিত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কঠোর পদক্ষেপ নিল কমিশন। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছিল, সেই ‘অযোগ্য’ বা ‘দাগি’ তালিকায় থাকা ৫৪৪ জনের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।
অ্যাডমিট কার্ড পাবেন না অভিযুক্তরা: কমিশন সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে প্রকাশিত তালিকায় স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত ৫৪৪ জন প্রার্থীকে কোনওভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। এদের মধ্যে ২৮৮ জন গ্রুপ-সি এবং ২৫৬ জন গ্রুপ-ডি পদের জন্য নতুন করে আবেদন করেছিলেন। তথ্য যাচাইয়ের সময় কমিশনের ‘ফিল্টার’ পদ্ধতিতে এই জালিয়াতি ধরা পড়ে। এর আগেও ৩,৫১২ জন অভিযুক্ত শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করেছিল এসএসসি। কমিশন সাফ জানিয়েছে, কলঙ্কিত কাউকেই আর নিয়োগ প্রক্রিয়ায় শামিল করা হবে না।
পরীক্ষার দিনক্ষণ ও পরিসংখ্যান: আগামী ১ মার্চ গ্রুপ-সি এবং ৮ মার্চ গ্রুপ-ডি পদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। মোট ৮,৪৭৭টি শূন্যপদের বিপরীতে প্রায় ১৬ লক্ষ চাকরিপ্রার্থী ময়দানে নামছেন। দেড় হাজারেরও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ-সি পরীক্ষা হবে ৬০ নম্বরের এবং গ্রুপ-ডি পরীক্ষা হবে ৪০ নম্বরের। দুপুর ১২টা থেকে শুরু হবে এই পরীক্ষা। বিগত দিনের ওএমআর কেলেঙ্কারির ছায়া কাটিয়ে এই বিশাল পরীক্ষা কতটা বিতর্কমুক্তভাবে পরিচালনা করতে পারে কমিশন, এখন সেটাই দেখার।