সুপ্রিম কোর্টে বড় ধাক্কা এ আর রহমানের! ‘বীর রাজা বীর’ গান নিয়ে জমা দিতে হবে ২ কোটি টাকা

মণি রত্নমের ব্লকবাস্টার ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর সঙ্গীত নিয়ে এবার আইনি জালে জড়িয়ে পড়লেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। ছবির জনপ্রিয় গান ‘বীর রাজা বীর’-এর সুর চুরির অভিযোগে দিল্লি হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মালা বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, রহমানকে ২ কোটি টাকা দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে।
কী এই বিতর্ক? বিখ্যাত ধ্রুপদী গায়ক ফৈয়াজ ওয়াসিফুদ্দিন ঠাকর ২০২৩ সালে অভিযোগ করেছিলেন যে, ‘বীর রাজা বীর’ গানটির সুর তাঁর বাবা ও কাকার অমর সৃষ্টি ‘শিব স্তুতি’ থেকে হুবহু নকল করা হয়েছে। রহমানের দাবি ছিল, এটি একটি ঐতিহ্যবাহী ধ্রুপদ সঙ্গীত এবং পাবলিক ডোমেইনে থাকা বিষয়ের ওপর কারও একচেটিয়া অধিকার থাকতে পারে না। কিন্তু আদালত পর্যবেক্ষণ করেছে যে, গানটি ঠাকরবাণী ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং এর জন্য মূল স্রষ্টাদের যথাযথ স্বীকৃতি বা ক্রেডিট দেওয়া হয়নি।
আদালতের কড়া পর্যবেক্ষণ: সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটি কেবল আইনি লড়াই নয়, একজন শিল্পীর সম্মান ও স্বীকৃতির লড়াই। এর আগে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রহমানের অনুকূলে রায় দিলেও, সুপ্রিম কোর্ট পুনরায় একক বেঞ্চের নির্দেশকেই মান্যতা দিয়েছে। আদালত ওটিটি এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতে গানের ক্রেডিট স্লাইডে পরিবর্তন এনে প্রয়াত ওস্তাদ নাসির ফৈয়াজউদ্দিন ঠাকর এবং জহিরউদ্দিন ঠাকরের নাম যুক্ত করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।