উসমান তারিক কি ‘চাকিং’ লুকাচ্ছেন? ভারত-পাক ম্যাচের আগে আইসিসি-র দরবারে ইরফান পাঠান!

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্কে উত্তপ্ত ক্রিকেট মহল। এবার বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের মিস্ট্রি স্পিনার উসমান তারিক এবং তাঁর বোলিং অ্যাকশন। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র কাছে আবেদন জানিয়েছেন যে, ম্যাচে বোলিং করার সময় তারিক যেন কোনোভাবেই ‘ফুল স্লিভ’ বা লম্বা হাতার জার্সি না পরেন।
ইরফানের দাবি, অনেক বোলার অতীতে তাঁদের হাতের অবৈধ বাঁক বা ‘চাকিং’ আড়াল করার জন্য লম্বা হাতার জামা ব্যবহার করতেন। উসমান তারিকের বোলিংয়ে দুটি প্রধান সমস্যা লক্ষ্য করেছেন পাঠান। প্রথমত, তাঁর ডেলিভারির সময় হাতের নড়াচড়া এবং দ্বিতীয়ত, তাঁর অদ্ভুত ‘স্টপ-অ্যান্ড-স্টার্ট’ রান-আপ। যদিও আইসিসি তাঁকে দু’বার ক্লিনচিট দিয়েছে, কিন্তু পাঠানের মতে, তারিক যখন হঠাৎ থেমে দ্রুত গতির বল করেন, তখন খালি চোখে কনুইয়ের ভাঁজ বোঝা কঠিন হয়ে পড়ে। স্বচ্ছতা বজায় রাখতে তাঁকে ‘হাফ স্লিভ’ জামা পরে বল করতে বলা উচিত যাতে আম্পায়ার ও ম্যাচ রেফারিরা সহজেই তাঁর অ্যাকশন পর্যবেক্ষণ করতে পারেন।
লেজেন্ডস লিগের আম্পায়ার অজয় ভার্মাও পাঠানের সুরেই কথা বলেছেন। তাঁর মতে, তারিকের বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। আম্পায়ারদের স্বচ্ছভাবে দেখার জন্য প্রয়োজনে গাঢ় রঙের টুপি পরে একটু ঝুঁকে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।