SIR: ‘জীবিত’ ব্যক্তি ভোটার লিস্টে ‘মৃত’, তবুও দেওয়া যাবে ভোট, জেনেনিন নিয়ম

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনী বা SIR (Special Intensive Revision)-এর খসড়া তালিকা প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ রয়েছে ‘ASD’ (Absent, Shifted, Dead) তালিকায়। অর্থাৎ, যাঁরা হয় অনুপস্থিত, না হয় এলাকা ছেড়ে চলে গিয়েছেন কিংবা মৃত।

কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। অভিযোগ উঠছে, অনেক জীবিত ব্যক্তির নামও ভুলবশত ‘মৃত’ হিসেবে তালিকায় নথিভুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) ভোটারদের আশ্বস্ত করেছেন।

তালিকায় ‘মৃত’ দেখালে ভোট দেবেন কীভাবে? রাজ্য CEO দপ্তর জানিয়েছে, কোনো জীবিত ব্যক্তির নাম ভুল করে ASD তালিকায় থাকলেও তিনি ভোট দিতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

  • উপযুক্ত প্রমাণ: সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের সচিত্র পরিচয়পত্র এবং তিনি যে জীবিত, তার প্রমাণ দেখাতে হবে।

  • ডিক্লারেশন ফর্ম: ভোটের দিন বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি নির্দিষ্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে।

  • যাচাই: প্রিসাইডিং অফিসার নিজের কাছে থাকা ASD তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখবেন এবং সন্তুষ্ট হলে ভোট দেওয়ার অনুমতি দেবেন।

সাবধান: কেউ যদি ভুল তথ্য দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের গুরুত্বপূর্ণ দিনক্ষণ ও কড়া নির্দেশ

  • ১৪ ফেব্রুয়ারি: SIR হিয়ারিং বা শুনানির সময়সীমা বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

  • ২৮ ফেব্রুয়ারি: প্রকাশিত হবে ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

  • নমিনেশনের দিন পর্যন্ত: কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে থাকলে, তিনি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত নাম তোলার আবেদন করতে পারবেন।

মুখ্য নির্বাচন কমিশনারের বার্তা: সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বৈঠক করেছেন। কমিশনার কড়া নির্দেশ দিয়েছেন যে, ভোটার তালিকায় যেন কোনোভাবেই বিদেশি নাগরিকের নাম না থাকে। পাশাপাশি, কোনো বৈধ ভারতীয় ভোটার যাতে তাঁর অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।