জেলেই কাটবে রাত! জামিন পেলেন না রাজপাল যাদব, স্বামীর অবস্থা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

বলিউডের জনপ্রিয় কমেডি তারকা রাজপাল যাদবের সংকট কাটল না। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের শুনানি থাকলেও মিলল না স্বস্তি। আদালতের পক্ষ থেকে শুনানি আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে অন্তত আগামী কয়েক দিন দিল্লির তিহার জেলেই রাত কাটাতে হবে রাজপালকে। ৯ কোটি টাকার ঋণখেলাপি ও চেক বাউন্স মামলায় বর্তমানে শ্রীঘরে রয়েছেন এই অভিনেতা।

স্বামীর এই চরম দুর্দিনে অবশেষে মৌনতা ভাঙলেন স্ত্রী রাধা যাদব। তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাজপালকে নিয়ে চিন্তিত হলেও বলিউডের সমর্থনে কিছুটা আশাবাদী তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাধা বলেন, “এই কঠিন সময়ে সবাই ওঁর পাশে দাঁড়িয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অভাবনীয় সাহায্য পাচ্ছি আমরা। যাঁরা এগিয়ে এসে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তাঁদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’র জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। যা সুদে-আসলে বর্তমানে ৯ কোটিতে ঠেকেছে। ঋণের কিস্তি না মেটাতে পারায় আইনি জালে জড়িয়ে পড়েন তিনি। এদিন জামিন না পাওয়ায় সোমবারের শুনানির দিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে যাদব পরিবার। বলিউডের অনেক তারকা ইতিমধ্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আইনি জট এখনই কাটছে না।