“জেফ্রি এপস্টাইন আমাকে দু-মুখো মানুষ বলেছিলেন!” সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে আইনা দেখালেন কেন্দ্রীয় মন্ত্রী

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা অভিযোগের পাল্টায় বুধবার সংসদে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। রাহুলের আক্রমণকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যবস্থায় দু-ধরণের নেতা থাকেন। একদল যারা দায়িত্ব নিয়ে দেশকে বিশ্বের দশম থেকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছেন, আর অন্য দল যারা মাঝে মাঝে বিদেশ সফর করেন এবং সংসদে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সময় ওয়াক আউট করেন।

এপস্টাইন বিতর্ক ও মন্ত্রীর স্পষ্টীকরণ: বিতর্কিত মার্কিন ব্যক্তিত্ব জেফ্রি এপস্টাইনের সাথে যোগসূত্র নিয়ে রাহুলের তোলা প্রশ্নের জবাবে হরদীপ পুরী জানান, ৩০ লক্ষ ইমেলের মধ্যে তাঁর নাম মাত্র ৩-৪ বার এসেছে। তিনি বলেন, “লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানের আমন্ত্রণে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে আমি এপস্টাইনের সাথে দেখা করেছিলাম। আমাদের একমাত্র ইমেল বিনিময়ে কেবল ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে কথা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আনা কোনো অপরাধমূলক কাজের সাথে আমার দূরদূরান্তের সম্পর্ক নেই।”

“আমি ওঁর জন্য সঠিক লোক ছিলাম না”: পুরী আরও যোগ করেন যে, এপস্টাইনের অনৈতিক কার্যকলাপে তাঁর কোনো আগ্রহ ছিল না। মজার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “এপস্টাইন নিজেই আমাকে ‘টু-ফেসড ম্যান’ বা দু-মুখো মানুষ বলেছিলেন। রাহুলের উচিত ইমেলগুলো ভালো করে পড়া।” মন্ত্রী মনে করিয়ে দেন যে ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, আর এই সময়ে দাঁড়িয়ে রাহুলের উচিত গঠনমূলক রাজনীতি করা।

Samrat Das
  • Samrat Das