বিনিয়োগকারীদের পোয়াবারো! আউন্স প্রতি সোনা ছাড়াতে পারে ৫০০০ ডলার, জেনে নিন বিশেষজ্ঞদের পূর্বাভাস

বাজেট পরবর্তী সাময়িক পতন কাটিয়ে সোনা এখন রকেটের গতিতে ছুটছে। বুধবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫০০০ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সোনার এই জয়যাত্রা সহজে থামার নয়। মার্কিন ডলারের দুর্বলতা এবং ট্রেজারি ইল্ড কমে যাওয়ার ফলে লগ্নিকারীদের কাছে সোনা এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

কেন বাড়ছে দাম? সোনার এই দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের (PBOC) বিশাল চাহিদা। টানা ১৫ মাস ধরে চিন তাদের ভাণ্ডারে সোনা মজুত করে চলেছে। ২০২৬ সালে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রায় ৭০০-৭৫০ টন সোনা কিনবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, চিন তার অভ্যন্তরীণ ব্যাঙ্কগুলিকে মার্কিন ট্রেজারি থেকে লগ্নি কমানোর নির্দেশ দেওয়ায় ডলারের বাজারে চাপ সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সোনার দামে।

ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা: বিশেষজ্ঞদের মতে, সোনা এখন ৫০০০ ডলারের একটি ভিত্তি (Base Price) তৈরির চেষ্টা করছে। যদি এই দাম বজায় থাকে, তবে নিকট ভবিষ্যতে প্রতি আউন্স সোনার দাম ৫০৯০ থেকে ৫১৪০ ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে কোনও কারণে দাম ধরে রাখতে ব্যর্থ হলে তা ৪৭৫০ ডলারে নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত শুক্রবারের উপভোক্তা মূল্য সূচক (CPI) রিপোর্টের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

Saheli Saha
  • Saheli Saha