SGB-তে বাম্পার ধামাকা! ৪ গুণ মুনাফা পেলেন বিনিয়োগকারীরা, কিন্তু ২০২৬-এর বাজেটে কি বদলে গেল ট্যাক্সের অঙ্ক?

সোভেরিন গোল্ড বন্ড (SGB) বিনিয়োগকারীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। ২০১৯-২০ সিরিজ IX এবং ২০২০-২১ সিরিজ V-এর বিনিয়োগকারীরা আজ, ১১ ফেব্রুয়ারি, তাঁদের বন্ডের অকাল রিডেম্পশন বা সময়ের আগে টাকা তোলার সুযোগ পাচ্ছেন। আরবিআই (RBI) প্রতি ইউনিটের রিডেম্পশন মূল্য নির্ধারণ করেছে রেকর্ড ১৫,৫৪০ টাকা। হিসেব বলছে, ২০১৯ সালের বিনিয়োগকারীরা তাঁদের মূলধনের ওপর প্রায় ৩.৮ গুণ এবং ২০২০ সালের বিনিয়োগকারীরা প্রায় ৩ গুণ মুনাফা অর্জন করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের পর এই বিশাল আয়ের ওপর কি করের খাঁড়া নেমে আসবে?

২০২৬ সালের বাজেটে সোনা এবং গোল্ড বন্ডের ওপর কর কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। তবে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর এই যে, পুরনো কর বিধি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কোনও বিনিয়োগকারী ৫ বছর পূর্ণ হওয়ার পর আরবিআই-এর অকাল রিডেম্পশন উইন্ডো ব্যবহার করে টাকা তোলেন, তবে সেই মুনাফার ওপর কোনও ‘ক্যাপিটাল গেইন ট্যাক্স’ দিতে হবে না। অর্থাৎ, যারা এক মাস আগে রিডেম্পশনের আবেদন করেছিলেন, তাঁরা আজ সম্পূর্ণ করমুক্ত অর্থ হাতে পাবেন।

কিন্তু সাবধান! আগামী ১ এপ্রিল থেকে পাল্টে যাচ্ছে সব সমীকরণ। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সেই সব বিনিয়োগকারীরাই পরিপক্কতার (Maturity) সময় কর ছাড় পাবেন, যারা সরাসরি ইস্যুর সময় আরবিআই থেকে বন্ড কিনেছিলেন। যারা সেকেন্ডারি মার্কেট বা স্টক এক্সচেঞ্জ থেকে অন্যের কাছ থেকে SGB কিনেছিলেন, তাঁদের জন্য ১ এপ্রিলের পর থেকে আর কর ছাড় মিলবে না। বিশেষজ্ঞদের মতে, সেকেন্ডারি মার্কেট থেকে কেনা বন্ডধারীদের জন্য ৩১ মার্চের আগের এই অকাল রিডেম্পশন উইন্ডোটিই করমুক্ত লাভের শেষ সুযোগ। ২০২৪ সালের পর নতুন কোনও SGB সিরিজ ইস্যু না হওয়ায় সোনার চড়া বাজারে এখন রিডেম্পশন নিয়েই তুঙ্গে জল্পনা।