“আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলেছে আমেরিকা!” পাক প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে নিজের দেশের অতীত নীতি নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমেরিকার সাথে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্রতা এবং আফগান যুদ্ধে তাদের ভূমিকার সমালোচনা করতে গিয়ে তিনি অত্যন্ত কঠোর ও অপমানজনক উপমা ব্যবহার করেছেন।
আমেরিকার ওপর ক্ষোভ খোয়াজা আসিফ সরাসরি বলেন, পাকিস্তান কৌশলগত প্রয়োজনে আমেরিকার হয়ে কাজ করলেও বিনিময়ে পেয়েছে কেবল অবহেলা। তিনি মন্তব্য করেন, “পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও অধম মনে করা হয়েছে এবং প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই ইতিহাস থেকে কিছুই শিখিনি।” ৯/১১ পরবর্তী সময়ে আমেরিকার সাথে অংশীদারিত্ব যে পাকিস্তানের জন্য আত্মঘাতী ছিল, সেটিই ফুটে উঠেছে তার কথায়।
ধর্ম নয়, ছিল স্বার্থের লড়াই আফগান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি স্বীকার করেন যে, পাকিস্তান দুটি বড় যুদ্ধে জড়িয়েছে যা আসলে ছিল সুপারপাওয়ারদের লড়াই। আসিফ বলেন, “আমরা ইসলাম বা ধর্মের টানে সেই যুদ্ধে যাইনি। ওটা ছিল পরাশক্তিদের আধিপত্যের যুদ্ধ। প্রাক্তন দুই একনায়ক জেনারেল জিয়া-উল-হক এবং জেনারেল পারভেজ মোশাররফ নিজেদের ক্ষমতার বৈধতা পেতে সুপারপাওয়ারের পা ধরেছিলেন।”
সন্ত্রাসবাদ হলো ‘ব্লোব্যাক’ বর্তমানে পাকিস্তানে যে চরম সন্ত্রাসবাদ চলছে, তাকে আসিফ অতীতের ভুল সিদ্ধান্তের ফলাফল বা ‘ব্লোব্যাক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “কেন আমাদের দেশে আজ সন্ত্রাসবাদ? কারণ আমরা অতীতে বড় বড় ভুল করেছি। আমরা ইতিহাস অস্বীকার করি, ভুল স্বীকার করি না। কিন্তু আজ আমাদের স্বীকারোক্তি দেওয়ার সময় এসেছে।” আসিফের মতে, এই ভুলের মাসুল হিসেবে পাকিস্তান যে ক্ষতি সহ্য করেছে, তা কখনো পূরণ হওয়ার নয়।