সাবেক সেনাপ্রধানের বই নিয়ে তোলপাড়! দিল্লি পুলিশের নোটিশ পেল পেঙ্গুইন ইন্ডিয়া

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা ‘ফোর স্টার্স অফ ডেস্টিনি’ (Four Stars of Destiny) নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। এই বিতর্কের জল এবার গড়াল আইনি লড়াইয়ে। বইটির প্রকাশক সংস্থা ‘পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া’-কে কড়া নোটিশ পাঠাল দিল্লি পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের মতে, অপ্রকাশিত এই বইটির তথ্য ও কপি কীভাবে বাইরে এল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রকাশককে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্র করে। সম্প্রতি সংসদ চত্বরে সাংবাদিকদের সামনে জেনারেল নারাভানের এই বইটির একটি কপি প্রদর্শন করেন তিনি। এরপরই প্রশ্ন ওঠে, যে বইটি এখনও সরকারিভাবে প্রকাশিতই হয়নি এবং বাজারে আসেনি, তা রাহুল গান্ধীর হাতে পৌঁছাল কীভাবে? এই ঘটনাকে কেন্দ্র করে সংসদে তীব্র হট্টগোল শুরু হয়। সরকার পক্ষ থেকে বইটির অবৈধ প্রচার ও গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। তাঁদের প্রাথমিক অভিযোগ, বইটির কপি অবৈধভাবে ছড়ানো হয়েছে এবং এর পিছনে কোনো গভীর অপরাধমূলক ষড়যন্ত্র থাকতে পারে। পুলিশের নোটিশে প্রকাশকের কাছে জানতে চাওয়া হয়েছে, বইটির কোনো ডিজিটাল বা হার্ড কপি কোনোভাবে বাইরে ফাঁস হয়েছে কি না।
অন্যদিকে, প্রকাশক সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া মঙ্গলবার একটি বিবৃতি জারি করে সাফ জানিয়েছে যে, বইটির প্রকাশনার পূর্ণ অধিকার কেবল তাদেরই রয়েছে। তারা স্পষ্টভাবে দাবি করেছে যে, সংস্থার পক্ষ থেকে মুদ্রিত বা ডিজিটাল—কোনো আকারেই বইটির কোনো কপি এখনও পর্যন্ত জনসাধারণের জন্য উপলব্ধ করা হয়নি। এমনকি কোনো বিপণন বা বিক্রয় প্রক্রিয়াও শুরু হয়নি। অবৈধভাবে বইটির প্রচারের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। বর্তমানে দিল্লি পুলিশের তদন্ত চলছে এবং এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।