হাওড়ায় শিউরে ওঠা দুর্ঘটনা! বহুতল থেকে মাথায় পড়ল ভারী লোহার রড, নিমেষেই সব শেষ!

হাওড়া: মঙ্গলবার দুপুরে হাওড়া পৌরনিগম সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি বহুতল থেকে ভারী লোহার রড পড়ে মৃত্যু হলো দুই ব্যক্তির। মৃতদের নাম শেখ ইরফান ও খোকন। পুলিশ সূত্রে খবর, শেখ ইরফান পেশায় টুপি ব্যবসায়ী এবং খোকন ওই এলাকারই একজন মুটে ছিলেন। মঙ্গলবার মঙ্গলাহাটের বাজার থাকায় তাঁরা জিনিসপত্র রাখতে ওই বহুতলের নিচে গিয়েছিলেন, ঠিক সেই সময়ই এই মরণফাঁদ নেমে আসে তাঁদের ওপর।
প্রত্যক্ষদর্শী ও নবান্ন সূত্রের খবর, হাওড়া পৌরনিগমের একদম কাছেই অবস্থিত ট্রেড সেন্টারের সিঁড়ি ঘরে সকাল থেকে রড ঢালাইয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন কোনোভাবে একটি বিশাল ও ভারী লোহার রড ওপর থেকে সটান নিচে পড়ে। দুর্ভাগ্যবশত রডটি সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা ইরফান ও খোকনের মাথায় আঘাত করে। রক্তাপ্লুত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, বহুতলে কাজ করার সময় কোনো ধরণের নূন্যতম সুরক্ষা বিধি মানা হয়নি। এমনকি কোনো সেফটি নেট (Safety Net) পর্যন্ত লাগানো ছিল না। শেখ ইরফানের ভাই শেখ ইসলাম নিজে ওই ঘটনার সাক্ষী। তিনি আক্ষেপ করে জানান, “আমার দাদা আর খোকন যখন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল, ওপর থেকে শ্রমিকরা সব দেখছিল, কিন্তু কেউ নিচে নেমে সাহায্য করতে আসেনি।” প্রায় ২০ মিনিট পর পুলিশ এসে দেহ উদ্ধার করে। হাওড়া থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কার গাফিলতিতে এই মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে।