অটোর পেছনের সিটে ঘুমন্ত একরত্তি, সামনে জীবনযুদ্ধে বাবা! ভাইরাল ভিডিও দেখে চোখের জল ধরে রাখা দায়

সোশ্যাল মিডিয়ার ভিড়ে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য ভেসে আসে, যা কোনো আওয়াজ ছাড়াই সরাসরি হৃদয়ে আঘাত করে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিও ঠিক তেমনই এক আবেগময় মুহূর্তের সাক্ষী। একটি চলন্ত অটোরিকশা, পেছনের সিটে গভীর ঘুমে আচ্ছন্ন এক ছোট্ট শিশু, আর সামনে স্টিয়ারিং হাতে জীবনের কঠিন দায়িত্ব সামলাচ্ছেন তার বাবা। এই সাধারণ দৃশ্যটি আজ লক্ষ লক্ষ মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে।

এক লড়াকু বাবার গল্প: ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার এক যাত্রী যাত্রা করার সময় পেছনের সিটে একটি ছোট মেয়েকে কুণ্ডলী পাকিয়ে নিশ্চিন্তে ঘুমাতে দেখেন। অবাক হয়ে তিনি চালককে জিজ্ঞেস করতেই বেড়িয়ে আসে এক কষ্টের আখ্যান। চালক জানান, মেয়েটির নাম আয়ুষী। আয়ুষীর মা মারা গেছেন বেশ কিছুদিন আগে। বাড়িতে দেখাশোনা করার মতো কেউ নেই, তাই এই ‘সিঙ্গেল ফাদার’ বা একলা বাবা নিজের মেয়েকে অটোতেই সঙ্গে রাখেন। দিনভর চড়া রোদে অটো চালানোর ফাঁকেই চলে মেয়ের লালনপালন।

ভালোবাসা ও কর্তব্যের মিশেল: চলন্ত অটোর ঝাঁকুনিতেও আয়ুষী কিন্তু বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। তার এই ঘুম যেন তার বাবার ওপর অটল বিশ্বাসের প্রতীক। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, ওই যাত্রী চালক ও আয়ুষীকে একটি জলখাবার দোকানে নিয়ে যান। লজ্জা জড়ানো হাসিতে আয়ুষীর সেই কোল্ড ড্রিঙ্ক খাওয়ার দৃশ্যটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ এই বাবার অদম্য সাহসকে কুর্নিশ জানিয়েছেন, কেউবা আয়ুষীর সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছেন। গত বছরও এক বাবার ছবি ভাইরাল হয়েছিল যেখানে তিনি তাঁর সন্তানকে অটোর সামনে বেঁধে কাজ করছিলেন। এই ভিডিওগুলো মনে করিয়ে দেয় যে, পৃথিবীর সবচেয়ে বড় লড়াইগুলো প্রায়শই খুব নিঃশব্দে লড়া হয়।

Samrat Das
  • Samrat Das