সরাসরি চ্যালেঞ্জ! স্বাস্থ্যমন্ত্রীর উত্তরে ক্ষুব্ধ বিধায়ক মৈথিলী ঠাকুর, বিধানসভায় তুলকালাম কাণ্ড

বিহার বিধানসভার বাজেট অধিবেশনে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। নিজের দলের সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন আলীনগরের বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। সরকারি হাসপাতালের জরাজীর্ণ অবস্থা এবং চিকিৎসকের অভাব নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের দেওয়া উত্তর সরাসরি প্রত্যাখ্যান করে বিতর্কে ঝড় তুললেন তিনি।

বাস্তব বনাম সরকারি রিপোর্ট: ২০২৫-এর নির্বাচনে জিতে রাজনীতিতে আসা মৈথিলী ঠাকুর এদিন বিধানসভায় তাঁর এলাকার একটি হাসপাতালের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, হাসপাতালের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে, দেওয়ালের ফাটল দিয়ে বৃষ্টির জল ঢুকছে ওয়ার্ডে। সেই অবস্থাতেই চিকিৎসা নিচ্ছেন প্রসূতি ও শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, ভবনটি মেরামতের যোগ্য, পুনর্নির্মাণের প্রয়োজন নেই। এতেই ফেটে পড়েন বিধায়ক।

“উত্তরে আমি সন্তুষ্ট নই”: মৈথিলী ঠাকুর স্পষ্ট ভাষায় বলেন, “আমি নিজে হাসপাতাল পরিদর্শন করেছি। মন্ত্রীমশাইয়ের দেওয়া উত্তর বাস্তবের সম্পূর্ণ বিপরীত। আমি এই উত্তরে সন্তুষ্ট নই।” তিনি আরও অভিযোগ করেন, তাঁর এলাকার হাসপাতালে আগে দুজন এমবিবিএস ডাক্তার থাকলেও এখন একজনও নেই। স্বাস্থ্য বাজেট বাড়লেও তৃণমূল স্তরে কেন কোনো পরিবর্তন হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভাইরাল সেই প্রতিবাদের ভিডিও: মৈথিলী ঠাকুরের এই সাহসী ভূমিকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নিজের দলের সরকারের অস্বস্তি বাড়িয়ে সাধারণ মানুষের জন্য তাঁর এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। বিরোধী বিধায়করাও তাঁর এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। শেষ পর্যন্ত স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও, বিহারের স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কালসার দশা আবারও প্রকাশ্যে চলে এল।