তৃণমূল থেকে আসছে জোটের প্রস্তাব! বিস্ফোরক দাবিতে মুর্শিদাবাদের রাজনীতিতে তুফান তুললেন হুমায়ুন

ভোটের মুখে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন মেরুকরণ। ‘একা লড়ার ক্ষমতা রাখি’—বারবার এই দাবি করলেও তলে তলে সহযোদ্ধা খুঁজতে কসুর করছেন না হুমায়ুন কবীর। সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে আলোচনার মাঝেই এবার প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তিনি। হুমায়ুনের দাবি, তৃণমূলের হয়ে ‘দালাল’ ও প্রশাসনের মাধ্যমে তাঁর কাছে আসন সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি।

হুমায়ুনের সাফ কথা, “একসময় তৃণমূল আমাকে চরম অপমান করেছে। আমার দলের জন্মই হয়েছে তৃণমূলকে হঠাতে।” তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও জোটের জন্য তিনি মিম (AIMIM) এবং নওশাদ সিদ্দিকির আইএসএফ-কেও পাশে পেতে মরিয়া। একদিকে জোটের জটিল অঙ্ক, অন্যদিকে ধর্মীয় আবেগকে হাতিয়ার করে নিজস্ব জমি শক্ত করতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ‘বাবরি যাত্রা’ শুরু করছেন তিনি।

আগামী ১১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করবেন হুমায়ুন। তার ঠিক পরদিন থেকেই পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত ১৭৫ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা চলবে। রাজনৈতিক মহলের মতে, এই যাত্রার মাধ্যমে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছেন তিনি। এখন দেখার, এই হাই-ভোল্টেজ রাজনীতি শেষ পর্যন্ত ভোটবাক্সে কার পাল্লা ভারী করে।