“মোবাইলের গোলাম হয়ো না!” পরীক্ষা পে চর্চায় পড়ুয়াদের কড়া ডোজ মোদীর, দিলেন সাফল্যের দাওয়াই

সোমবার, ৯ ফেব্রুয়ারি সম্প্রচারিত হল ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর বহুপ্রতীক্ষিত দ্বিতীয় পর্ব। বোর্ড পরীক্ষার প্রাক্কালে দেশের ছাত্রছাত্রীদের মানসিক চাপ কাটাতে এবং সাফল্যের দিশা দেখাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এক খোলামেলা আড্ডায় মেতে ওঠেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) থেকে শুরু করে ভালো ঘুমের প্রয়োজনীয়তা— জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে বর্তমান প্রজন্মের উদ্বেগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নতুন প্রযুক্তি গ্রহণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু কখনোই তার দাস হওয়া চলবে না।” তিনি উদ্বেগ প্রকাশ করে জানান যে, বর্তমানে অনেক শিশু মোবাইলের দাসে পরিণত হয়েছে। মোবাইল ছাড়া তারা খেতেও পারে না। মোদীর স্পষ্ট বার্তা, “প্রযুক্তির দাস হয়ো না, প্রযুক্তিকে নিজের প্রয়োজনে কাজে লাগাও।”
পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভালো ঘুম নতুন ধারণার জন্ম দেয়।” যারা রাত জেগে পড়াশোনা করে, তাদের উদ্দেশ্যে তিনি জানান যে, পর্যাপ্ত বিশ্রাম মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। এছাড়াও তিনি শিক্ষার্থীদের শুধু পড়ার বদলে লেখার অভ্যাস বাড়ানোর পরামর্শ দেন। ক্লাসের দুর্বল শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব করে তাদের পড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অন্যকে বোঝালে নিজের বিষয়ের ওপর দখল আরও মজবুত হয়। নিজের সাথে নিজে প্রতিযোগিতার মাধ্যমেই জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন।