ভ্যালেন্টাইনস ডে-তে বসন্তের হাওয়া, দোল আসতেই কি ৪০ ডিগ্রি ছুঁবে পারদ?

বাংলার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাড়কাঁপানো ঠান্ডার দিন এবার শেষের পথে। রবিবারের রাত থেকেই তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের কামড় বজায় থাকলেও দক্ষিণবঙ্গে পারদ চড়তে শুরু করেছে। আলিপুর জানাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের পোশাক আর গায়ে রাখা যাবে না।
শহর কলকাতায় গত কয়েকদিন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু রবিবার রাতে তা একলাফে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, এটিই উত্তুরে হাওয়ার শেষ ল্যাপ। ১২ তারিখের পর থেকেই তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। ফলে ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবসে দেখা যাবে বসন্তের আমেজ। শীতবিলাসীদের জন্য দুঃসংবাদ এই যে, চলতি বছর দোলের সময় অর্থাৎ মার্চ মাস নাগাদ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও পশ্চিমের জেলাগুলোতে আগামী কয়েকদিন পারদ ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা আছে। তবে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও কনকনে শীত বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির ঘরে থাকলেও আগামী ৪-৫ দিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আপাতত কোনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।