১০ কোটির ল্যাম্বরগিনির তাণ্ডব! কানপুরে মদ্যপ অবস্থায় ৬ জনকে পিষে দিল তামাক-পতির ছেলে

উত্তরপ্রদেশের কানপুরে ফের গতির বলি সাধারণ মানুষ। রবিবার দুপুরে কানপুরের গ্বালটোলি (Gwaltoli) এলাকার ভিআইপি রোডে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি নিয়ন্ত্রণহীন বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন অন্তত ৬ জন পথচারী। অভিযোগের তির উত্তরপ্রদেশের প্রভাবশালী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্রর দিকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ কোটি টাকা মূল্যের ওই বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিলেন শিবম নিজেই এবং তিনি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্বরগিনিটি প্রথমে একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রয়্যাল এনফিল্ড বাইকে ধাক্কা দিলে আরোহী শূন্যে প্রায় ১০ ফুট উঁচুতে ছিটকে পড়েন। গাড়িটি বাইকটিকে পিষে বেশ কিছুটা টেনে নিয়ে গিয়ে শেষমেশ একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে থামে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রভাবশালী ব্যবসায়ীর ছেলের সঙ্গে থাকা দুই ব্যক্তিগত বাউন্সার স্থানীয়দের বাধা দেওয়ার চেষ্টা করে, যা মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত শিবম মিশ্রর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।