“আমি ঠাকুর, বাজে কথা বলবেন না!” গ্রাহককে গালিগালাজ ও ল্যাপটপ নিয়ে মারতে তেড়ে গেলেন ব্যাংক কর্মী, তুলকালাম কানপুরে

ব্যাংকিং পরিষেবায় গ্রাহকই ‘লক্ষ্মী’, কিন্তু উত্তরপ্রদেশের কানপুরের পাঙ্কি এলাকার এইচডিএফসি (HDFC) ব্যাংকে যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ব্যাংকের এক মহিলা কর্মী, আস্থা সিং-এর অভব্য আচরণ এবং গ্রাহককে জাত তুলে হুমকির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। পেশাদারিত্ব ভুলে ওই কর্মী যেভাবে উগ্র রূপ ধারণ করেছেন, তাতে প্রশ্ন উঠছে ব্যাংকের কর্মীদের প্রশিক্ষণ নিয়ে।
ঠিক কী ঘটেছিল? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাংক পরিষেবা নিয়ে জনৈক গ্রাহকের সাথে আস্থা সিং নামক ওই কর্মীর কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আস্থা সিং গ্রাহককে অত্যন্ত কুরুচিকর ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। শুধু তাই নয়, রাগের মাথায় তিনি নিজের ল্যাপটপটি উঁচিয়ে গ্রাহককে মারতে উদ্যত হন। উপস্থিত অন্য কর্মীরা তাঁকে টেনে না ধরলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
জাত তুলে হুমকি ও জনরোষ: ভিডিওর সবচেয়ে বিতর্কিত অংশটি হলো ওই কর্মীর জাতিগত দম্ভ। তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, “আমি ঠাকুর, বাজে কথা বলো না!” প্রকাশ্যে নিজের জাতের দোহাই দিয়ে গ্রাহককে ভয় দেখানো এবং আক্রমণ করার চেষ্টা নিয়ে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। এক্স (টুইটার) হ্যান্ডেলে নেটিজেনরা এইচডিএফসি ব্যাংককে ট্যাগ করে ওই কর্মীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।