বদল যাচ্ছে কর্ণাটকের রেল মানচিত্র! বেঙ্গালুরু-মুম্বই হাই-স্পিড করিডোর নিয়ে বড় আপডেট!

কর্ণাটকের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী এমবি পাতিল। এই বৈঠকে কর্ণাটকের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় রেল প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু ও মুম্বইয়ের মধ্যে হাই-স্পিড রেল করিডোর এবং বেঙ্গালুরু-বিজয়পুরা রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালুর দাবিতে রেলমন্ত্রীর ইতিবাচক সাড়া মিলেছে।

এমবি পাতিল জানান, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু এবং আর্থিক রাজধানী মুম্বইয়ের মধ্যে দ্রুতগতির যোগাযোগ এখন সময়ের দাবি। বর্তমানে মুম্বই-পুনে হাই-স্পিড করিডোরটি বেঙ্গালুরু পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া, বেঙ্গালুরু থেকে বিজয়পুরার ৫৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে এখন প্রায় ১৬ ঘণ্টা সময় লাগে। এই সময় কমিয়ে ১০ ঘণ্টায় নিয়ে আসতে স্টপেজ কমানো এবং হুব্বাল্লি-গদগ বাইপাস ব্যবহারের আর্জি জানানো হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রস্তাবগুলোর ওপর গুরুত্ব দিয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। বৈঠকে দক্ষিণ-পশ্চিম রেলের জিএম অজয় শর্মাও উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার উপযোগী একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধনে এসে পাতিল জানান, কর্ণাটক সরকার শিল্পাঞ্চলগুলোতে পানীয় জল ও পরিকাঠামো উন্নয়নে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। এই রেল প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মধ্য ও উত্তর কর্ণাটকের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

Samrat Das
  • Samrat Das