ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা ভারত! সূর্যবংশীর অবিশ্বাস্য ১৭৫ আর বিসিসিআই-এর ৭.৫ কোটির পুরস্কার

জিম্বাবোয়ের হারারে-তে ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা দখল করল ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা হওয়ার নজির গড়ল ‘মেন ইন ব্লু’। যুব ভারতের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত গোটা দেশ। আর এই সাফল্যের পরেই ভারতীয় দলের জন্য ৭.৫ কোটি টাকার বিশাল অর্থ পুরস্কার ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, “গোটা দেশ এবং ক্রিকেট বোর্ড আমাদের অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে গর্বিত। টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে ফাইনালে যেভাবে ইংল্যান্ডকে তারা হারিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এই জয়কে সম্মান জানাতেই বোর্ডের পক্ষ থেকে দলের জন্য সাড়ে ৭ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।” প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও এক্স (X) হ্যান্ডেলে দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “ভারতের ক্রিকেট প্রতিভা উজ্জ্বল! আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ ঘরে আনায় আমি গর্বিত।”
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৪১১ রানের পাহাড় গড়ে। ব্যাট হাতে তাণ্ডব চালান বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কা। এছাড়া অধিনায়ক আয়ুষ মহাতরে ৫৩ এবং অভিজ্ঞান কুণ্ডু ৪০ রান করেন। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ডের ক্যালেব ফ্যালকনার ১১৫ রান করলেও ভারত ১০০ রানে জয় নিশ্চিত করে। উল্লেখ্য, এই ম্যাচে ৩১টি ছক্কা মেরে যুব ওডিআই ফাইনালের বিশ্বরেকর্ডও ভেঙে দিয়েছে ভারত। এর আগে ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।