পাকিস্তান-বাংলাদেশের বয়কট ‘নাটক’ দেখে অবাক সৌরভ, জেনেনিন কি বললেন?

আগামীকাল থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্ক এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান নিয়ে রীতিমতো হতবাক বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা বর্তমান সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার জেদ—এই দুই ইস্যুতেই এবার মুখ খুললেন ‘মহারাজ’।

সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত বিস্মিত। পাকিস্তানের উদ্দেশ্যে তাঁর বার্তা, বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়। তিনি বলেন, “আমি জানি না কেন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে চাইছে না। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে শুনিনি।” একইসঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্তও তাঁর বোধগম্যের বাইরে। সৌরভের মতে, বড় মঞ্চে খেলার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে সৌরভ অবশ্য টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন। তাঁর দাবি, কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম বিচারে ভারতই টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার। “এটি ঘরের মাঠের বিশ্বকাপ, তাই ভারতের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল,”—বলেন তিনি।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতিতে এখন উৎসবের মেজাজ ইডেন গার্ডেন্সে। ১০ বছর পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। সিএবি সভাপতি হিসেবে সৌরভ নিজে পিচ প্রস্তুতি থেকে টিকিট ব্যবস্থাপনা—সবকিছু তদারকি করছেন। ইডেনে লেজার শো-সহ একাধিক বিশেষ চমক থাকছে দর্শকদের জন্য। ২০১৬ সালের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বৃষ্টির মধ্যেও ভারত-পাক ম্যাচ সফলভাবে আয়োজন করেছিল ইডেন, এবারও তারা সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।