পৃথিবীর জন্ম রহস্যের চাবিকাঠি! কানাডায় মিলল ৪১৬ কোটি বছরের প্রাচীনতম পাথর

পৃথিবীর বয়স প্রায় ৪৬০ কোটি বছর। জন্মের শুরুতে আমাদের এই গ্রহ ছিল ফুটন্ত আগুনের গোলার মতো। সেই অবস্থা থেকে ঠান্ডা হয়ে পাথুরে রূপ নিতে সময় লেগেছিল কয়েক কোটি বছর। কিন্তু ঠিক সেই সময়ে পৃথিবীর রূপ কেমন ছিল, তা নিয়ে বিজ্ঞানীদের হাতে এতদিন কোনও চাক্ষুষ প্রমাণ ছিল না। অবশেষে কানাডার হাডসন বে-র কাছে নর্দার্ন কিউবেকের এক নির্জন প্রান্তরে খোঁজ মিলল পৃথিবীর প্রাচীনতম পাথরের। যা ৪১৬ কোটি বছরের পুরনো!

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার এক কথায় ঐতিহাসিক। পৃথিবী কিছুটা ঠান্ডা হওয়ার ঠিক পরেই এই পাথরের স্তর তৈরি হয়েছিল। কালচে রঙের এই পাথরের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর শৈশবের না জানা ইতিহাস। এত বছর ধরে এই পাথর পৃথিবীর পরিবর্তনের সাক্ষী হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছে।

অজ্ঞাত ইতিহাস জানার এক নতুন দিশা খুলে দিল এই আবিষ্কার। বিজ্ঞানীরা এখন এই পাথর নিয়ে নিবিড় গবেষণা চালাচ্ছেন। তাঁদের বিশ্বাস, এই পাথর পরীক্ষা করলে জানা যাবে ঠিক কীভাবে অসহ্য গরম অবস্থা থেকে বর্তমানের বাসযোগ্য পৃথিবীতে রূপান্তরিত হয়েছিল আমাদের এই গ্রহ। এই ৪১৬ কোটি বছরের প্রাচীন ‘সাক্ষী’ এখন ভূ-বিজ্ঞানীদের গবেষণার মূল কেন্দ্রে।