ক্ষুদ্র ব্যবসায়ীদের লটারি! ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে গ্যারান্টি ছাড়াই, ঐতিহাসিক সিদ্ধান্ত RBI-এর

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) চাঙ্গা করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শুক্রবার মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন যে, এখন থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো সম্পত্তি বন্ধক না রেখেই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আগে এই ঋণের ঊর্ধ্বসীমা ছিল ১০ লক্ষ টাকা, যা এবার সরাসরি দ্বিগুণ করা হলো।
২০১০ সালের পর এই প্রথম এই সীমার পরিবর্তন ঘটল। গভর্নর জানান, গত দেড় দশকে মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে, তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যাপ্ত ছিল না। তাই নিয়মে এই বদল আনা হয়েছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, আর্থিক বছরের শুরু থেকেই ব্যবসায়ীরা জমি বা বাড়ি বন্ধক রাখার ঝামেলা ছাড়াই বড় অংকের ঋণের আবেদন করতে পারবেন।
পাশাপাশি, সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো—রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে হোম লোন বা কার লোনের ইএমআই বাড়ার কোনো সম্ভাবনা নেই। আরবিআই-এর এই জোড়া সিদ্ধান্তে খুশি দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিও।