নেহরু-গান্ধী পরিবারের ‘কীর্তি’ ফাঁস করতে লাইব্রেরি গড়ছেন নিশিকান্ত দুবে! শোরগোল রাজনৈতিক মহলে

কংগ্রেস তথা গান্ধী পরিবারকে কোণঠাসা করতে এবার এক অভিনব উদ্যোগ নিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শুক্রবার তিনি ঘোষণা করেছেন যে, নেহরু-গান্ধী পরিবারের শাসনকালের তথাকথিত ‘কুকর্ম’, ‘দুর্নীতি’ এবং দেশের ক্ষতি করা ‘নীতিগত সিদ্ধান্ত’গুলি নিয়ে তিনি একটি পাঠাগার বা লাইব্রেরি স্থাপন করতে চলেছেন। এই লাইব্রেরিটি বাস্তব (Physical) এবং অনলাইন—উভয় মাধ্যমেই উপলব্ধ থাকবে।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর সঙ্গে কথা বলার সময় দুবে অভিযোগ করেন, ক্ষমতার লোভে কংগ্রেস কাশ্মীর সমস্যা থেকে শুরু করে বিদেশের সাথে বিতর্কিত চুক্তি পর্যন্ত অনেক ক্ষতি করেছে। তিনি বলেন, “আগামী প্রজন্ম এবং গবেষকরা যাতে জানতে পারেন কীভাবে কংগ্রেস ভারতের স্বার্থ বিঘ্নিত করেছে, সেই লক্ষ্যেই এই লাইব্রেরি তৈরি করা হচ্ছে।” তিনি এই কাজের জন্য সাধারণ মানুষের কাছে তথ্য ও পরামর্শ চেয়েছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী নেহরুকে নিয়ে আলোচনার যে ডাক দিয়েছিলেন, নিশিকান্তের এই পদক্ষেপ তারই পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে।